অস্বীকৃতির পর দুই ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রী কামরুল ইসলাম

কামরুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, মাত্র দুই ঘণ্টার ব্যবধানে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার পর তাকে ট্রাইব্যুনালে আনা হয় বলে জানা গেছে। এর আগে সকালে তাকে ট্রাইব্যুনালে আনার সময় তিনি প্রথমে যেতে অস্বীকৃতি জানান।

জানা যায়, ওই মামলায় তার সঙ্গে আরও অভিযুক্ত রয়েছেন রাশেদ খান মেনন। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি ও আদেশের জন্য দিন ধার্য রয়েছে আজই।

সকালে পিজি হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে নেওয়ার সময় অস্বীকৃতি জানালে বিষয়টি কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনকে জানায়। পরে প্রসিকিউশন তাকে যেকোনো মূল্যে হাজির করার নির্দেশ দেয়।

নির্দেশনার পর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, আন্দোলন দমন ও সহিংস ঘটনার পেছনে তাদের ভূমিকা ছিল।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে অব্যাহতির আবেদন করেছেন, দাবি করে বলেছেন— অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই।

এ মামলায় রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ডের অভিযোগসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

Scroll to Top