ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনর মরদেহ আগামী ৪ মে দেশে পৌঁছাবে।
ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, মরদেহ ইতোমধ্যে ফিউনারেল হোমে হস্তান্তর করা হয়েছে এবং নির্ধারিত ফ্লাইটে ২ মে রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।
ফ্লাইটটি অরল্যান্ডো থেকে যাত্রা শুরু করবে এবং দুবাই হয়ে ঢাকায় পৌঁছাবে।
এদিকে ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে ৩০ এপ্রিল টাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে তার প্রথম জানাজার আয়োজন করা হবে বলে জানানো হয়।
প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
একই ঘটনায় আরও এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হন এবং পরবর্তীতে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
